২৭তম বিসিএসে বঞ্চিত ৯৬ জনের নিয়োগ

প্রকাশ :
সংশোধিত :

বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন নিয়োগ থেকে বাদ পড়া ২৭তম বিসিএসের আরও ৯৬ জন প্রার্থীকে অবশেষে সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ বুধবার (১৩ মে) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, নবনিযুক্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে সবচেয়ে বেশি ৪৮ জন রয়েছেন। এছাড়া পুলিশ ক্যাডারে ১৩ জন, স্বাস্থ্য ক্যাডারে ৪ জন এবং গণপূর্ত ও টেলিযোগাযোগ ক্যাডারে ৩ জন করে নিয়োগ পেয়েছেন। পররাষ্ট্র, আনসার ও সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ২ জন করে এবং পরিবার পরিকল্পনা, তথ্য, নিরীক্ষা ও হিসাব, রেলওয়ে পরিবহন ও বাণিজ্য, কৃষি, সাধারণ শিক্ষা, পরিসংখ্যান, শুল্ক ও আবগারি এবং খাদ্য ক্যাডারে একজন করে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও প্রশাসনিক জটিলতা, মামলাজনিত সমস্যা, যাচাই-বাছাই কিংবা কারিগরি কারণে এসব প্রার্থী দীর্ঘদিন নিয়োগবঞ্চিত ছিলেন। নিয়োগের দাবিতে তারা দীর্ঘ সময় ধরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে লড়াই চালিয়ে আসেন। পরে আদালতের পর্যবেক্ষণ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুনর্বিবেচনা এবং সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে তাদের নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এসব নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বিধি মেনে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.